বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা একসময় পাকিস্তানের জনপ্রিয় পপ গায়ক হাসান জাহাঙ্গীরকে প্রেমপত্র লিখেছিলেন—এমন গুঞ্জন বহুদিন ধরে চলে আসছে। তবে সেই গুঞ্জন সত্যি কিনা, তা এবারও স্পষ্ট করলেন না হাসান জাহাঙ্গীর।
সম্প্রতি এক পডকাস্টে এ বিষয়ে প্রশ্ন করা হলে হাসিমুখে বিষয়টি এড়িয়ে যান আশির দশকের এই জনপ্রিয় গায়ক। তিনি বলেন, কিছু বিষয় সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত।
রেখা সত্যিই তাকে প্রেমপত্র লিখেছিলেন কিনা—সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে হাসান জাহাঙ্গীর বলেন, কিছু বিষয় সংশ্লিষ্ট মানুষদের মধ্যেই থাকা উচিত। সবকিছু সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায় না।
তার এই মন্তব্যে পুরোনো সেই গুঞ্জন তাই জিইয়ে থাকল। যদিও তিনি বিষয়টি নিশ্চিতও করেননি, আবার অস্বীকারও করেননি।
বলিউড তারকাদের সঙ্গে বন্ধুত্বের স্মৃতি
আলাপচারিতায় হাসান জাহাঙ্গীর বলিউডের বেশ কয়েকজন তারকার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন। তিনি বলেন, মাধুরী দীক্ষিত, মন্দাকিনী, আশা ভোঁসলে, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, গোবিন্দ, সালমান খান ও শাহরুখ খান-এর মতো তারকাদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে।
মজা করে তাকে জিজ্ঞেস করা হয়, তাদের মধ্যে কে তাকে প্রেমপত্র লিখেছেন। জবাবে হেসে গায়ক বলেন, সবাই লিখেছে, সবাই লেখে। আমিও লিখেছি।
আলাপের একপর্যায়ে হাসান জাহাঙ্গীর নিজের জীবনের একটি অদ্ভুত ঘটনার কথাও জানান। তিনি বলেন, একবার কয়েকজন ডাকাত তার মোবাইল ফোন ও গাড়ির চাবি নিয়ে নিয়েছিল। পরে তিনি নিজের পরিচয় দিলে তারা তাকে চিনতে পারে। এরপর তার জিনিসপত্র ফিরিয়ে দিয়ে ক্ষমা চেয়ে চলে যায় বলে দাবি করেন তিনি।
ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েও বার্তা
ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে হাসান জাহাঙ্গীর বলেন, দেশপ্রেম কখনো ঘৃণা বা সংঘাতের কারণ হওয়া উচিত নয়। নিজের দেশকে ভালোবাসার পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষেও মত দেন তিনি।
তিনি বলেন, কোনো সমস্যার সমাধান যুদ্ধের মাধ্যমে হয় না।
হাসান জাহাঙ্গীর প্রয়াত বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর কাছ থেকে পাওয়া একটি পরামর্শও স্মরণ করেন। ধর্মেন্দ্র তাকে বলেছিলেন, উঁচু চিন্তা করো, কিন্তু চোখ নিচু রাখো।
গায়ক জানান, এই কথার মাধ্যমে তিনি বড় স্বপ্ন দেখার পাশাপাশি বিনয়ী থাকার শিক্ষা পেয়েছেন।
আশির দশকে জনপ্রিয়তার শিখরে ওঠা হাসান জাহাঙ্গীর এখনো পাকিস্তানের অন্যতম জনপ্রিয় পপশিল্পী। তার বিখ্যাত গান ‘হাওয়া হাওয়া’ দক্ষিণ এশিয়াজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই গানের মাধ্যমে পাকিস্তান ও ভারতের শ্রোতাদের কাছেও তিনি বিশেষ পরিচিতি অর্জন করেন।


